শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা: বরখাস্ত ও লাইসেন্স বাতিলের মুখে চিকিৎসক

1 সপ্তাহ আগে | আপডেট: 1 দিন আগে | জাতীয়
অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা: বরখাস্ত ও লাইসেন্স বাতিলের মুখে চিকিৎসক

অফিস চলাকালে প্রাইভেট প্র্যাকটিস করার অপরাধে হাতেনাতে ধরা পড়েছেন নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে তার বিরুদ্ধে বরখাস্ত ও লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

সরকারি কর্মঘণ্টায় প্রাইভেট প্র্যাকটিস করায় ডা. মইনুল হাসান চিশতী নামের এক সরকারি চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তাকে চাকরি থেকে বরখাস্ত ও লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পুরান ঢাকার ইংলিশ রোডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. মইনুলকে সরাসরি রোগী দেখার সময় ধরে ফেলেন। অভিযুক্ত চিকিৎসক নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি দায়িত্বে থাকাকালীন ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা আইনত দণ্ডনীয়। এই অনিয়মের কারণে অভিযুক্ত চিকিৎসকের লাইসেন্স বাতিলসহ চাকরিচ্যুতির নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার অনেক বিনিয়োগ করছে। সরকারি দায়িত্ব অবহেলা করে ব্যক্তিগত মুনাফার জন্য যারা কাজ করবেন, তাদের ছাড় দেওয়া হবে না। অনিয়মে জড়িত চিকিৎসক ও সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠান—উভয়ের বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।